সারফেস ট্যাবলেটের দ্বিতীয় সংস্করণ তৈরিতে কাজ শুরু করছে মাইক্রোসফট। এ ট্যাবলেটটির প্রথম সংস্করণ এখনো বাজারে আসেনি। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ চালিত সারফেস ট্যাবলেট ২৬ অক্টোবর বাজারে ছাড়বে মাইক্রোসফট। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকরাডার। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, বাজারে অ্যাপলের আইপ্যাডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে সারফেস ট্যাবলেটের দ্বিতীয় সংস্করণ তৈরির কাজ শুরু করছে মাইক্রোসফট।
সারফেস দলে নিয়োগের জন্য নতুন করে অভিজ্ঞ কর্মকর্তা চেয়ে বিজ্ঞাপনও ছেপেছে প্রতিষ্ঠানটি। মাইক্রোসফটের সারফেস ট্যাবলেটের নতুন সংস্করণ তৈরির জন্য বিভিন্ন ক্ষেত্রে প্রকৌশলী নিয়োগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। এদিকে, মাইক্রোসফটের হার্ডওয়্যার ব্যবসায় আসা নিয়ে হতাশ হয়েছে মাইক্রোসফট সফটওয়্যারের পণ্য নির্মাতা এসার। ট্যাবলেট কম্পিউটারের বাজারে মাইক্রোসফটের ‘সারফেস’ ট্যাবলেটটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে তাইওয়ানের কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানটি। সারফেস ট্যাবলেট বাজারে আনার আগে মাইক্রোসফটে দ্বিতীয়বার ভেবে দেখার অনুরোধ করেছেন এসারের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা জে টি ওয়াং।
 
Top
Back to top