কোরিয়ার গবেষকেরা সম্প্রতি অত্যন্ত পাতলা ও সহজেই ভাঁজ করা যায় এমন ব্যাটারি তৈরির পদ্ধতি উদ্ভাবন করেছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল। স্যামসাং, নকিয়ার মত প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে নমনীয় বা সহজেই ভাঁজ করে রাখা যায় এমন পণ্য তৈরিতে আগ্রহ দেখিয়েছে। নমনীয় পণ্য তৈরি করতে গেলে ব্যাটারিও নমনীয় হওয়া চাই। এ সমস্যা সমাধানে কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউশন অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষক কিওন জে লি অত্যন্ত পাতলা লিথিয়াম আয়নের এ ব্যাটারি তৈরি করেছেন। গবেষকেরা জানিয়েছেন, নমনীয় ব্যাটারির উদ্ভাবনে ভবিষ্যতে বড় পর্দার বিভিন্ন পণ্য সহজেই ভাঁজ করে পকেটে রাখা সম্ভব হবে। স্থানান্তরযোগ্য পণ্যের মধ্যে মোবাইল ফোন, ট্যাবলেট ও ই-রিডার তৈরির সময় পকেটের নির্দিষ্ট মাপ মাথায় রাখতে হয় নির্মাতাদের। তবে নমনীয় ও ভাঁজ করার সুবিধা থাকলে মাপের বিষয়টি নিয়ে মাথা ঘামাতে হবে না। গবেষকেরা বর্তমানে ই ইঙ্ক ও ওএলইডি প্রযুক্তির নমনীয় স্ক্রিন বা পর্দা তৈরিতে কাজ করছেন। নমনীয় পর্দার পাশাপাশি নমনীয় ব্যাটারি তৈরি করা সম্ভব হলে সহজেই ভাঁজ করা যায় এমন পণ্য তৈরির ক্ষেত্রে আরো এগিয়ে যাবে প্রতিষ্ঠানগুলো।
 
Top
Back to top